নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৯ অক্টোবর: কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনছিলেন, কল্পনাও করেননি এই আচরণ কত বড় বিপদ ডেকে আনতে পারে! হেডফোন গুঁজে গান শুনতে গিয়েই ঘটে গেল চরম কাণ্ড। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কলেজ ছাত্রের। শনিবার সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের আকন্দা এলাকায়। ঘটনা ঘিরে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, মৃত কলেজ ছাত্রের নাম রঞ্জন বিশ্বাস, বয়স ২৩ বছর। বাড়ি গাজোলের আকন্দা এলাকায়। তাঁর বাবা পেশায় ভ্যান চালক। বাড়িতে রয়েছেন বাবা, মা ও ভাই-বোন। পরিবারে আর্থিক সংকটের কারণে রঞ্জন কলেজে পড়াশোনা করার পাশাপাশি একটি দোকানেও কাজও করতেন।
পরিবার সূত্রে খবর, রঞ্জন প্রতিদিনের মতো শনিবারও মর্নিংওয়াক করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কানে হেডফোন গুঁজে এলাকার পাশ দিয়ে যাওয়া রেল লাইনের উপর বসে গান শুনছিলেন। এই সময় শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন (বালুরঘাটগামী) সময় তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় কলেজ ছাত্র রঞ্জন বিশ্বাস রেল লাইনের পাশেই ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন ওই পড়ুয়ার পরিবার। শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ গোটা এলাকায়। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে, রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায় বালুঘাট মর্গে। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

No comments:
Post a Comment