প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১৩ অক্টোবর: খালিস্তানি সন্ত্রাসী নিজ্জার খুনের পর কানাডার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভারত জাস্টিন ট্রুডোর সরকারকে কড়া বার্তা দিয়েছে। ভারত কানাডাকে বলেছে, প্রধানমন্ত্রী ট্রুডো এইভাবে ভিত্তিহীন অভিযোগ মোদী সরকারের ওপর করতে পারেন না। নিজ্জার হত্যাকাণ্ডের বিষয়ে তাঁকে শক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে। ভারত বলেছে যে, রাজনৈতিক লাভের জন্য তিনি নিজের তদন্ত সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া বন্ধ করুন।
ভারত ট্রুডো সরকারের শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের বলেছে যে, কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ এবং তদন্তকারী সংস্থা আরসিএমপির এখন পর্যন্ত রিপোর্টের মধ্যে বিরাট অমিল রয়েছে। এমতাবস্থায় তাঁর রাজনৈতিক লাভের জন্য এজেন্সির ব্যবহার করা উচিৎ নয়। উল্লেখ্য, ১১ অক্টোবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাস্টিন ট্রুডোর আসিয়ান সম্মেলনের বাইরে সাক্ষাৎ হয়েছিল। ট্রুডো তাঁর মিডিয়াকে বলেছিলেন যে, তাঁর প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা হয়েছে। তবে, এই বৈঠকে হাত পর্যন্ত মেলাননি দু’জনে।
১৮ জুন, ২০২৩-এ নিজ্জার খুনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ রয়েছে। জাস্টিন ট্রুডো বহুবার ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। আগামী বছর কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাস্টিন ট্রুডো আগে থেকেই খালিস্তানিদের সমর্থক। কিন্তু নির্বাচন ও ভোটব্যাংক দেখে তিনি খালিস্তানিদের প্রতি আরও সহানুভূতি দেখাতে শুরু করেছেন।
নয়াদিল্লীতে সূত্র জানায়, ভিয়েনতিয়েনে মোদী ও ট্রুডোর মধ্যে কোনও পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। ২০২০ সালে ভারত নিজ্জারকে সন্ত্রাসী ঘোষণা করেছিল। নয়াদিল্লী ট্রুডোর অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে অযৌক্তিক বলে অভিহিত করেছে। ভারত বলেছে যে, দুই দেশের মধ্যে প্রধান সমস্যা হল কানাডা তার মাটি থেকে তৎপরতা চালানো খালিস্তানপন্থী উপাদানগুলির ওপর কোনও নিয়ন্ত্রণ রাখছে না।
ট্রুডো বলেন, "আমরা গত কয়েক মাস ধরে সারা দেশে ভারতীয়-কানাডিয়ানদের অধিকারকে প্রভাবিত করা হিংসার উদ্বেগজনক নিদর্শন দেখছি। আর এটি এমন একটি সমস্যা, যার সম্পর্কে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, আমরা এর ওপর গভীর ভাবে বিচার করা জারি রাখব।" তিনি বলেন, "তিনি তাঁর অভিযোগ নিয়ে অনড় এবং জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলি এই বিষয়ে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে।"
এই বছরের জুনে ইতালিতে জি-৭ সম্মেলনের সময় মোদী এবং ট্রুডো শেষবার দেখা করেছিলেন। নিজ্জারের মৃত্যুর ঘটনায় কানাডা অভিযোগ আনার পর এটি ছিল তাঁদের প্রথম বৈঠক। এর পরে, প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় দুই নেতার (মোদী এবং ট্রুডো) একটি ছবি শেয়ার করেছেন যাতে তাঁদের হাত মেলাতে দেখা যায়। পাশাপাশি তিনি পোস্টে বলেছিলেন, 'জি ৭ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দেখা হয়।'

No comments:
Post a Comment