মশলাদার ইমলি-আলুর কারি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 October 2024

মশলাদার ইমলি-আলুর কারি


সুমিতা সান্যাল,১৩ অক্টোবর: আজ আপনাদের বলবো স্বাদে ভরপুর মশলাদার ইমলি-আলুর কারি তৈরির প্রক্রিয়া।এই সুস্বাদু খাবারটি তৈরি করতে বেবি পটেটো বা ছোট আলু ব্যবহার করা হয়।আপনার বাড়ির প্রতিটি সদস্যই দারুণ মজা করে খাবে এটি।

উপাদান –

আলু কোট করতে :

ছোট আলু ১\২ কেজি,সেদ্ধ করে খোসা ছাড়ানো,

লাল লংকার গুঁড়ো ১\৩ চা চামচ,

হলুদ গুঁড়ো ১\৩ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী।

কারি তৈরি করতে :

সরিষা ১\৪ চা চামচ,

জিরা ১\৪ চা চামচ,

কারি পাতা ৬ টি,কুচি করে কাটা,

কাঁচা লংকা ৩ টি,কুচি করে কাটা,

আদা-রসুন পেস্ট ১ চা চামচ,

পেঁয়াজ ১ টি মাঝারি আকারের,পাতলা টুকরো করে কাটা,

টমেটো ১ টি ছোট আকারের ,পাতলা টুকরো করে কাটা,

তেঁতুলের পাল্প ৪ টেবিল চামচ,

লাল লংকার গুঁড়ো ১\৩ চা চামচ,

হলুদ গুঁড়ো ১\৩ চা চামচ,

ধনে গুঁড়ো ১\৩ চা চামচ,

গোলমরিচ গুঁড়ো ১\৪ চা চামচ,

জিরা গুঁড়ো ১\৩ চা চামচ,

তেল ৪ টেবিল চামচ,

লবণ স্বাদ অনুযায়ী।

রান্নার প্রক্রিয়া  -

প্রথমে আলু কোট করে রাখুন।এর জন্য একটি পাত্রে সেদ্ধ আলু রাখুন।এতে লবণ,লাল লংকার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশান যাতে আলুর গায়ে মশলার প্রলেপ ভালোভাবে লেগে যায় ।

এরপর একটি প্যানে তেল দিয়ে গরম করার জন্য রাখুন।তেল গরম হলে প্রলেপ দেওয়া আলুগুলো তেলে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন যতক্ষণ না সেগুলি হালকা সোনালি হয়ে আসে।আলুতে হালকা সোনালি আবরণ আসতে শুরু করলে আঁচ কমিয়ে একটি প্লেটে আলুগুলো তুলে নিন। 

এবার এই তেলে জিরা,সরিষা দিন এবং একটু কষিয়ে দিন।যদি তেল কম মনে হয় তাহলে আরও তেল দিতে পারেন।তারপর তেলে কারি পাতা ও কাঁচা লংকা দিয়ে মেশান।গ্যাসের আঁচ কমিয়ে মাঝারি করে দিন। 

এরপর পেঁয়াজ দিন এবং পেঁয়াজ হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন,যাতে পেঁয়াজ নরম হয়ে যায়।এরপর আদা-রসুন পেস্ট দিয়ে একটু ভাজুন।পেস্ট ভাজার পরে,টমেটো যোগ করে মেশান এবং টমেটো সামান্য নরম হতে দিন।তারপর লাল লংকার গুঁড়ো,ধনে গুঁড়ো,হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে মেশান।মশলাগুলো কিছুক্ষণ কষতে দিন।এরপর তেঁতুলের পাল্প মেশান।এতে আলু দিয়ে ভালো করে মেশান।

এবারে গ্রেভির জন্য ১ কাপ জল যোগ করুন।এটি ঢেকে ৬ থেকে ৭ মিনিটের জন্য কম আঁচে রান্না করুন,যাতে গ্রেভি ঘন হয়ে আসে।তারপর গ্যাস বন্ধ করুন।মশলাদার ইমলি-আলুর কারি রান্না হয়ে গেছে।এই সুস্বাদু সবজিটি আপনি পুরি,রুটি বা পরোটার সাথে খেতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad