প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৫ ডিসেম্বর: বাস ও গাড়ির মধ্যে ধাক্কা, ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহতও হয়েছেন বহু মানুষ। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায়। মঙ্গলবার রাতে রাজস্থানের করৌলিতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
করৌলিতে ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি টুকরো টুকরো হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশের দল। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে ভর্তি করে, যারা গঙ্গাপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, দুর্ঘটনায় নিহত সকলেই মূলত মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। গুজরাটের ভাদোদরায় কিছুদিন বসবাস করছিলেন। পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়াও বেপরোয়া গাড়ি চালানোর মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত করছে পুলিশ।
করৌলি জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার রমেশ মীনা বলেন, "করৌলি গঙ্গাপুর রোডে একটি গাড়ি ও বাসের মধ্যে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই একই পরিবারের। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা কৈলাদেবী দর্শন করে ফিরছিলেন। অপরদিকে গঙ্গাপুর থেকে আসা বাসে থাকা ১৫ জন আহত হয়েছেন। তাঁদের কয়েকজনের চিকিৎসা চলছে।
করৌলি জেলা হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ব্রিজরাজ শর্মা জানিয়েছেন, ইন্দোরের বাসিন্দা নয়ন কুমার দেশমুখ (৬৩) কৈলাদেবী দর্শনের পর গাড়িতে করে গঙ্গাপুর সিটিতে যাচ্ছিলেন। যেখানে সন্ধ্যা ৬.৪৬ নাগাদ, সালেমপুর গ্রামের কাছে অবস্থিত একটি প্রাইভেট হোস্টেলের সামনে করৌলির দিকে আসা একটি প্রাইভেট বাস এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
মৃতদের নাম নয়ন দেশমুখ, প্রীতি ভট্ট, মনস্বী দেশমুখ, খুশ দেশমুখ এবং অনিতা দেশমুখ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জনকে বাড়িতে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাঁরা গঙ্গাপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান করৌলি জেলা কালেক্টর নীলাভ সাক্সেনা এবং ডেপুটি পুলিশ সুপার ব্রজেশ জ্যোতি উপাধ্যায়।


No comments:
Post a Comment