জলপাইগুড়ি: হড়পা বানে ভেসে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নাগরাকাটা গাঠিয়া নদীতে। হড়পা বানের মুখে পড়েছিলেন আরও ৬ জন,। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তারা। মৃতদের নাম ক্যামেলিয়া বিশ্বাস(৩৮) ও রজনীয়া বিশ্বাস(১৩)। গাঁঠিয়া চা বাগানের সিনিয়ার ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাসের স্ত্রী ও কন্যা তারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রূপক বিশ্বাসের বাড়িতে আত্মীয়-স্বজন ঘুরতে এসেছিল কলকাতা ও শিলিগুড়ি থেকে। তাদের নিয়েই রবিবার ছুটির দিনে গাঠিয়া চা বাগান এবং ভগতপুর চা বাগানের মাঝখানে গাঠিয়া নদীতে স্নান করতে যায় মোট আট জন। এরপর নদীতে হঠাৎই চলে আসে হড়পা বান। আটজনই ভেসে যায় জলের তোড়ে।
জানা গিয়েছে, এদের মধ্যে ছয়জন কোনওভাবে প্রাণে বেঁচে গেলেও মা ও মেয়ের মৃত্যু হয়। গাঠিয়া সড়ক সেতু ও ছাড়টন্ডু বস্তি এলাকা থেকে দুজনের দেহ উদ্ধার হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেইসঙ্গেই নেমে আসে শোকের ছায়া।
নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রূপক বিশ্বাস। অন্য ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাগানের ম্যানেজার নবীন মিশ্র জানান, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তারা জানান, 'গাঠিয়া বরাবরই ক্ষ্যাপা নদী হিসেবে পরিচিত। যখন-তখন রূপ বদলায়। এদিনও হয়তো তারা কম জল দেখেই নেমেছিলেন। কিন্তু কোথা থেকে কী যে হয়ে গেল। ঘটনায় আমরা সকলেই শোকাহত।'

No comments:
Post a Comment