সংগীতশিল্পী কেকে'র মৃত্যুতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিয়ে তদন্তের দাবী জানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে নিজের মতামত জানিয়েছেন সৌমিত্র খাঁ। নজরুল মঞ্চের এসি কাজ না করা থেকে শুরু করে হাসপাতালে কেকে-কে নিয়ে যাওয়া এবং সেখানে তৃণমূল নেতাদের উপস্থিতিতে নিয়েও সেই চিঠিতে প্রশ্ন তোলা হয়। এই চিঠির কপি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বিজেপি সাংসদ।
সৌমিত্র চিঠিতে প্রশ্ন তোলেন, কনসার্টের সময় ইভেন্ট অর্গানাইজাররা স্থানীয় থানায় জানিয়েছিলেন কি? তিন হাজার আসলে নজরুল মঞ্চে ৭ হাজার মানুষের জমায়েত কেন হয়েছিল? এসি যদি কাজ না করে তাহলে অনুষ্ঠানের অনুমতি কেন দেওয়া হল? ঘটনার সময় নজরুল মঞ্চে পুলিশ বাহিনী ছিল কি? নজরুল মঞ্চের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি রিপোর্ট পেশ করেছেন? করলেও তা কোথায়?
এছাড়াও তার আরও প্রশ্ন, শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদের হাসপাতালে যেতে দেওয়া হয়নি কেন এবং ময়নাতদন্তের সময় হাসপাতালের তৃণমূল নেতারা কি করছিল?
অমিত শাহকে চিঠি লিখে এ সমস্ত প্রশ্ন তুলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিয়ে তদন্তের দাবী জানিয়েছেন সৌমিত্র খাঁ।
প্রসঙ্গত, মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। সেখান থেকে তিনি হোটেলে ফিরে যান এবং তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে কেকের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের নিশানায় মমতার সরকার।
পাশাপাশি তোলপাড় সামাজিক মাধ্যম। বারবার প্রশ্ন তোলা হচ্ছে কেন এই অব্যবস্থা। কারণ অনুষ্ঠানে যে কয়টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ এসেছে সেখানে দেখা গিয়েছে বারবার নিজের ঘাম মুছছেন গায়ক, গরম লাগছিল তাঁর, অস্বস্তির ছাপ চোখে-মুখে ছিল স্পষ্ট। ভিড়ে ঠাসা মঞ্চে হাঁসফাঁস পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বেশ। এমনকি স্পট লাইট অফ করতেও বলেন তিনি। নজরুল মঞ্চে উপস্থিত সকলেই এই ঘটনার সাক্ষী থেকেছেন।

No comments:
Post a Comment