চিকিৎসকের গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্ত্বরে। থানায় অভিযোগ দায়ের সন্তান হারা বাবার।
জানা গিয়েছে, শিলিগুড়ির দেবীডাঙ্গা, চম্পাসারির বাসিন্দা ঝন্টু মণ্ডলের গর্ভবতী স্ত্রী কল্পনা মণ্ডলকে বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পর চিকিৎসক তাকে দেখতে আসেননি বলে অভিযোগ রয়েছে।
কল্পনা মণ্ডলের গুরুতর অবস্থা দেখে প্রসূতি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে তাঁর স্বজনরা একাধিকবার জানানো সত্ত্বেও তিনি প্রয়োজনীয় কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। এরপর শুক্রবার নার্সরা তাকে স্বাভাবিকভাবে ডেলিভারি করার চেষ্টা করে, কিন্তু সেটা ব্যর্থ হলে আরেক চিকিৎসক সিজারিয়ান করেন। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে, গতরাতে নবজাতকের মৃত্যু হয়।
ঘটনার পর চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপার ও শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ঝন্টু মণ্ডল। এ ব্যাপারে হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, অভিযোগ পেয়েছি। এই সমস্ত ঘটনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে। তিনি সব বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

No comments:
Post a Comment