'মাস্টারমাইন্ড পার্থই, আমি পরিস্থিতির শিকার'! আদালতে দাবী অর্পিতার, আর্জি জামিনের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

'মাস্টারমাইন্ড পার্থই, আমি পরিস্থিতির শিকার'! আদালতে দাবী অর্পিতার, আর্জি জামিনের


 'মাস্টারমাইন্ড পার্থই, আমি পরিস্থিতির শিকার'! আদালতে দাবী অর্পিতার, আর্জি জামিনের



নিজস্ব প্রতিবেদন, ২৯ মে, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড হলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আদালতের এমনই বিস্ফোরক দাবী করলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার দীর্ঘদিন পর জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দেন তিনি, সেখানেই এই বিস্ফোরক দাবী করেন তাঁর আইনজীবী। আদালতে তিনি জানান, নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এতে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও ভূমিকা নেই। 


আদালতে আইনজীবির মাধ্যমে সোমবার অর্পিতা বলেন, "আমার বাড়ি থেকে টাকা গয়না উদ্ধার হয়েছে কিন্তু আমি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থ চট্টোপাধ্যায়।" অর্পিতা মুখোপাধ্যায় জানান, সংস্থার যাবতীয় কাজ পার্থের বাড়িতেই হয়। অনন্ত টেক্সফ্যাবের অফিস ছিল বেলঘরিয়ার ফ্ল্যাটে। অর্পিতা বলেন, ওই কোম্পানির শেয়ার ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় এবং সেই কোম্পানির সমস্ত স্বত্ব পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল।


তবে ইডির বক্তব্য, অর্পিতা সব দোষ পার্থর ঘাড়ে চাপিয়ে নিজে দায় অস্বীকার করতে পারে না। তিনিও সমানভাবে গোটা ঘটনায় দায়ী। অর্পিতা যেসব সংস্থার সঙ্গে জড়িত তাদের কর্মীদের সঙ্গে কথা বলার পরই এই দাবী করেছে ইডি। অর্পিতার আইনজীবীর পাল্টা দাবী, তাঁর মক্কেল এসব সংস্থা নিয়ন্ত্রণ করতেন না, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে ছিল নিয়ন্ত্রণ।


নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের হয়ে এদিন আদালতের সাওয়াল করেন বৃন্দা গ্রোভার। দিল্লি থেকে কলকাতায় এসে অর্পিতার হয়ে তিনি মামলা লড়ছেন। এদিন তিনি দাবী করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যে। এমনকি অর্পিতাকে গ্রেফতার এর আগে তার বয়ান পর্যন্ত রেকর্ড করা হয়নি, তাঁর বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে বলেও আদালতে দাবী করেন অর্পিতার আইনজীবী। 


অপরদিকে ইডির দাবী, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা। যদিও এই দাবী অস্বীকার করেন অর্পিতার আইনজীবী। এদিন আদালতে অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেডের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। অর্পিতার আইনজীবী জানান, ওই সংস্থা পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় এবং জামাই নিয়ন্ত্রণ করতেন। অর্পিতার সেখানে কোনও ভূমিকা ছিল না এবং তিনি সেখান থেকে লাভবানও হননি। সংস্থার ডিরেক্টর হিসেবে যাদের দেখানো হয় তারাও ভুয়ো, পার্থের নির্দেশেই তারা কাজ করতেন। আইনজীবীর অভিযোগ, সংস্থার ডিরেক্টর হিসেবে যাদের নাম উঠেছে তাদের কাছে ইডি কেন পৌঁছায়নি?


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গত বছরের জুলাই মাসে পার্থর নাকতলার বাড়িতে গিয়ে জেরা করে ইডি‌। এর পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়, উদ্ধার হয় কোটি কোটি টাকা। এর পরেই গ্রেফতার হন পার্থ ও অর্পিতা।

No comments:

Post a Comment

Post Top Ad