জৌলুস হারালেও অটুট রীতি, পতিরামের জমিদার বাড়ির পুজোর প্রস্তুতি তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর: জেলার ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম হল পতিরামের জমিদার বাড়ির দুর্গা পূজা। পতিরাম এলাকার এই জমিদার বাড়ি ঘোষ বাড়ি বলেই পরিচিত। ইতিমধ্যেই প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে গেছে মন্দিরে। খুব একটা সময় নেই হাতে, তাই এখানে চরম ব্যস্ততা।
পরিবার সূত্রে জানা যায়, ঘোষ বাড়ির দুর্গা পূজা বিগত প্রায় সাত পুরুষ আগে শুরু হয়েছিল। পুজোর সঠিক সময়কাল বলা না গেলেও প্রায় ২৫০ বছরের পুরনো এই পুজো৷ পারিবারিক রীতি অনুসারে প্রতি বছর জন্মাষ্টমীর দিন কাঠামো পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার শুভ সূচনা হয় এখানে।
কথিত রয়েছে, জমিদার বাড়ির বর্তমান উত্তরসূরী সাগর ঘোষের পুর্বপুরুষরা বর্ধমান থেকে নদীপথে দক্ষিণ দিনাজপুরে এসে জমিদারী স্থাপন করেন। জেলাতে জমিদারি স্থাপনের পাশাপাশি পতিরামে শুরু করেন দুর্গা পুজো। সেই সময় কালে বিশাল এলাকা জুড়ে একমাত্র পুজো হওয়ার ফলে গ্রামের লোক তো বটেই, দূর-দূরান্ত থেকেও বহু সাধারণ মানুষ জমিদার বাড়ির এই পুজোকে কেন্দ্র করে মেতে থাকতেন। পুজোর কয়েকদিন ধরে চলত কবিগান, যাত্রা, মনসামঙ্গল গান। সেইসঙ্গে বসতো মেলা।
পুজোয় কেন্দ্র করে প্রায় পাঁচ দিন ধরে চলত এলাহি আয়োজন। পুরনো রীতি মেনে এখনও পুজো হলেও আগের মত আর জৌলুস নেই। জমিদার বাড়ির উত্তরসূরিরা এখন বিভিন্ন জায়গায় বসবাস করেন। বর্তমানে পতিরাম জমিদার বাড়িতে সাগর ঘোষ ও তাঁর স্ত্রী কল্পনা ঘোষ থাকেন। তবে পুজোর দিনগুলো সকলে আবার একত্রিত হন, এই জমিদার বাড়ি পুজোকে কেন্দ্র করেই হয় পরিবারের মিলন উৎসব।
এখানকার দুর্গা পুজোতে মহিষ, পাঁঠা, লাউ, আখ প্রভৃতি বলি প্রচলন থাকলেও সেই সব রীতি তুলে দিয়েছে এই জমিদার বাড়ির বর্তমান প্রজন্ম। একটা সময়ে ঘোষ বাড়ির এই দুর্গা পুজোকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামীর আনাগোনা ছিল বলেও জানা গেছে। অতীতে এই পুজো ঘিরে যাত্রা, কবিগান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বর্তমানে আর্থিক কারণের পাশাপাশি লোক বলের অভাবে সে সব কিছু হয় না। কিন্তু অতীতের রীতি মেনেই এখনও নিষ্ঠার সাথে পুজো হয়ে আসছে এই জমিদার বাড়ির বর্তমান গৃহকর্তা সাগর কুমার ঘোষের হাত ধরে।
এখনও জেলার অন্যান্য পুজোতে অংশগ্রহণ করার পাশাপাশি জেলাবাসী পতিরাম ঘোষ বাড়ির দুর্গা পুজো একবার হলেও দেখতে আসেন। আর এই পরিবারের সদস্যরা নিজেদের কাজে সারা বছর ব্যস্ত থাকলেও পুজোর কটা দিন একসঙ্গে মিলিত হন। ফলে মিলন উৎসবে পরিণত হয় ঘোষ বাড়ি।

No comments:
Post a Comment