৪১ ফুটের দুর্গা! বিশেষ চমক উত্তরবঙ্গের এই ক্লাবের
আলিপুরদুয়ার: কয়েক বছর আগে বড় দুর্গা প্রতিমা তৈরি করে চমকে দিয়েছিল কলকাতা দেশপ্রিয় পার্ক। এবারে কলকাতার সেই বড় চমককে টেক্কা দেওয়ার চেষ্টা আলিপুরদুয়ারের সুভাষপল্লী কালচারাল ইউনিটির। ৪১ ফুটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আলিপুরদুয়ার শহরের এই ক্লাবে। উত্তরবঙ্গে এই প্রথম এত বড় প্রতিমা তৈরি হচ্ছে বলে দাবী ক্লাব কর্তাদের। প্রায় ১৫ জন শিল্পী প্রতিমা তৈরির কাজ করেছেন। মূর্তি তৈরি শেষে এখন চলছে রঙের কাজ।
এত বিশাল প্রতিমা বাইরে থেকে বয়ে আনা সম্ভব নয় তাই ক্লাবের পূজো মণ্ডপেই চলছে দীর্ঘ এই দুর্গা প্রতিমা তৈরির কাজ। এমনকি পুজোর পরে নদীতে গিয়ে এত বড় প্রতিমা বিসর্জন দেওয়ার কাজও খুবই কঠিন। তাই দমকল এসে জল দিয়ে গলিয়ে দিয়ে যাবে এই প্রতিমা, এমনই জানিয়েছেন ক্লাব কর্তারা।
আলিপুরদুয়ারের সুভাষপল্লীতে রয়েছে সুভাষপল্লী কালচারাল ইউনিট। এই ক্লাবের দুর্গা পুজো ৭৪ বছরে পদার্পণ করল এবারে। এই পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা।জানা গিয়েছে, প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে তিন মাস আগে থেকেই। প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ জন মৃৎশিল্পী এই প্রতিমা গড়ার কাজ করছেন।
মৃৎশিল্পী সুজিত পাল জানান, এত বড় প্রতিমা রং করতে ৫০ লিটার রং লাগবে। তার কথায়, 'এত বড় প্রতিমা রাজ্যে আর তৈরি হচ্ছে না বলেই জানি। তবে, আমরা নিশ্চিত। উত্তরবঙ্গে এত বড় প্রতিমা অন্য কোথাও নেই। পঞ্চাশ লিটার রং লাগবে এই প্রতিমা রং করতে এবং মেশিনে প্রতিমা রং করার কাজ শুরু হয়েছে।'
ক্লাবের সম্পাদক গোপাল সরকার বলেন, 'এবার রাজ্যের সব থেকে বড় দুর্গা প্রতিমা আমরা তৈরি করছি। প্রতিমা দেখতে পুজোর সময় সকলকে আমাদের পুজো মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাটির তৈরি প্রতিমা দেখলে চোখ জুড়িয়ে যাবে সকলেরই।'

No comments:
Post a Comment