প্রদীপ ভট্টাচার্য, কলকাতা, ৩ অক্টোবর: ঝগড়ার মাঝে বিরতি নিলে কমে আসে কটু কথা বলার মাত্রা ও উত্তপ্ত পরিস্থিতির অবসান। এই তথ্য মিলেছে 'স্কটল্যান্ড'স ইউনিভার্সিটি অফ সেন্ট এন্ড্রুস' এর গবেষণার মাধ্যমে। এই গবেষণার প্রধান অ্যানা ম্যাককারি বলেন, 'আমরা দেখতে চেয়েছিলাম জোর করে ঝগড়ার মাঝে বিরতি নিলে নেতিবাচক অনুভূতি কমানো যায় কিনা।' তারা দেখেছেন ঝগড়ার মাঝে ৫, ১০ এবং ১৫ সেকেন্ড বিরতি নিতে পারলে উভয়ের মাঝে একই প্রভাব পড়ে। আর নেতিবাচক অনুভূতির হ্রাস পেয়ে চড়াও হবার স্বভাব কমে।
তবে তিনি এও বলেন যে, এই পদ্ধতি দম্পতি বা যুগলদের সাধারণ ঝগড়ার মধ্যেই কার্যকর। নির্যাতন ও 'ডোমেস্টিক ভায়োলেন্স' বা পারিবারিক সহিংসতার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তাদের মতে, যখন পরিস্থিতি উত্তপ্ত হয় তখন স্বল্প বিরতি নিলে মানুষের হিংসার মনোভাব কমে। এছাড়া ঝগড়ার মাত্রা বেশি হলে বিরতির সময়ও বাড়াতে হবে।
তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন যুক্তরাজ্যের মনোবিজ্ঞানী অড্রে ট্রাং। তিনি বলেন, এই গবেষণাটি করা হয়েছে শিক্ষার্থী যুগলদের ওপর, যারা একসঙ্গে বসবাস করেন না। দীর্ঘদিনের দাম্পত্য জীবন যারা পার করছেন তাদের এই কৌশলের পরিবর্তন আনতে হবে। যাদের সংসার জীবন আট বছর পার হয়ে গেছে তাদের কথা বলার ঢং, চাহিদা, কৌশল, ঝগড়ার পদ্ধতি সবকিছু পরিবর্তন হয়ে যায়। তারা একে অপরকে থামিয়ে দেওয়া বা উত্তপ্ত অবস্থার মোকাবিলা কিভাবে করতে হবে সেটা ভালো মতোই জানেন।

No comments:
Post a Comment